ডেস্ক রিপোর্ট, newsbd24live
আন্তর্জাতিক ডেস্ক:
ভারতের কেরালায় এক মর্মান্তিক ও বর্বরোচিত ঘটনায় প্রাণ হারালেন রামনারায়ণ নামের এক ভারতীয় নাগরিক। বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং চোর সন্দেহে একদল উত্তেজিত জনতা তাকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে। এই ঘটনায় কেরালা পুলিশ ইতোমধ্যে ৫ জনকে গ্রেপ্তার করেছে।
ঘটনাটি ঘটেছে ভারতের কেরালা রাজ্যে। স্থানীয় সূত্রে জানা যায়, কাজের সন্ধানে রামনারায়ণ কেরালায় গিয়েছিলেন।
কিন্তু সেখানে তাকে চোর এবং বাংলাদেশি নাগরিক হিসেবে সন্দেহ করে স্থানীয় একদল লোক। এরপর শুরু হয় বর্বরোচিত নির্যাতন। প্রত্যক্ষদর্শীদের মতে, আক্রমণকারীরা তাকে বারবার মারধর করছিল। আঘাতের চোটে তিনি মাটিতে লুটিয়ে পড়লে, তাকে আবারও টেনে তুলে পৈশাচিক কায়দায় পেটানো হয়। একপর্যায়ে তিনি আর উঠে দাঁড়াতে পারেননি এবং নিথর হয়ে পড়েন। পরবর্তীতে গুরুতর আহত অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত রামনারায়ণের পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি অত্যন্ত দরিদ্র ছিলেন। পরিবারের স্বচ্ছলতা ফেরাতে এক আত্মীয়ের অনুরোধে তিনি কাজের সন্ধানে কেরালায় পাড়ি জমিয়েছিলেন। তার অকাল মৃত্যুতে পরিবারটি এখন ধ্বংসের মুখে।
রামনারায়ণের স্ত্রী এবং আট ও নয় বছর বয়সী দুটি অবুঝ সন্তান রয়েছে, যারা বাবার এই মর্মান্তিক মৃত্যুতে দিশেহারা হয়ে পড়েছে।
কেরালা পুলিশ জানিয়েছে, এই হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে এখন পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত চলছে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন। তবে নিজ দেশের নাগরিককে বিদেশি সন্দেহে এভাবে পিটিয়ে মারার ঘটনা স্থানীয় ও আন্তর্জাতিক মহলে তীব্র সমালোচনার জন্ম দিয়েছে। মানবাধিকার কর্মীদের মতে, এটি কেবল একটি হত্যাকাণ্ড নয়, বরং মানবতার চরম অপমান।

