সর্বশেষ
ফেব্রুয়ারি ২১, ২০২৬

পাবনা-৪ আসনে ভোটযুদ্ধ নয়, যেন গৃহযুদ্ধ! জামায়াত প্রার্থীর প্রচারণায় গুলিবর্ষণ, বিএনপি সমর্থকদের বিরুদ্ধে অভিযোগ!

Spread the love

নিজস্ব প্রতিবেদক:

নির্বাচনকে কেন্দ্র করে চরম সংঘাতের পরিস্থিতি তৈরি হলো পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে। গত ২৭ নভেম্বর বৃহস্পতিবার বিকেলে এই আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও পাবনা জেলা আমীর অধ্যাপক আবু তালেব মন্ডলের নির্বাচনি প্রচারণায় বিএনপি প্রার্থী হাবিবুর রহমান হাবিবের সমর্থকদের বিরুদ্ধে ভয়াবহ সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে।

দফায় দফায় হামলা, গুলিবর্ষণ, গাড়ি ও শতাধিক মোটরসাইকেল ভাঙচুর এবং অগ্নিসংযোগের মতো ন্যক্কারজনক ঘটনায় অধ্যাপক আবু তালেব মন্ডলসহ অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন।


​হামলার বিবরণ
​জানা গেছে, ২৭ নভেম্বর বিকেলে ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের চরগড়গড়ি জগির মোড় এলাকায় এই বর্বরোচিত ঘটনা ঘটে। হামলায় জামায়াত প্রার্থীর গাড়ি ভাঙচুর করা হয় এবং প্রচারণায় ব্যবহৃত শতাধিক মোটরসাইকেল ভাঙচুর ও অগ্নিসংযোগের শিকার হয়।
​বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন।

বিবৃতিতে তিনি অভিযোগ করেন, এটি একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচনী পরিবেশকে নস্যাৎ করার প্রকাশ্য অপচেষ্টা। তিনি আরও বলেন, একদিন আগে একই এলাকায় জামায়াতের কর্মীদের ওপর হামলার পর আজকের এই সশস্ত্র আক্রমণ প্রমাণ করে যে, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকরা ভয়াবহ সহিংস পরিবেশ সৃষ্টি করে নির্বাচনকে সহিংসতার দিকে ঠেলে দিতে চাইছে।


​মিয়া গোলাম পরওয়ার অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান। তিনি আহত সকল নেতা-কর্মীর দ্রুত আরোগ্য কামনা করেন এবং জেলা ও স্থানীয় নেতৃত্বকে তাদের পাশে থাকার নির্দেশ দেন।
​তিনি দৃঢ়তার সাথে বলেন, জামায়াত প্রার্থীর ওপর এ ধরনের হামলা গণতান্ত্রিক অধিকার হরণ এবং শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশের প্রতি সরাসরি হুমকি। তবে, তাঁরা শান্তিপূর্ণ প্রচার-প্রচারণা চালিয়ে যেতে বদ্ধপরিকর এবং যেকোনো ধরনের সন্ত্রাসী হামলার বিরুদ্ধে শক্ত অবস্থান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *