মোঃ শাহনুর রহমান লিমন, স্টাফ রিপোর্টার, ঢাকাঃ
নারায়ণগঞ্জ জেলায় মাদক ব্যবসা ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে যুবসমাজকে প্রশিক্ষণের মাধ্যমে দেশ ও বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরি করার কথাও জানান তিনি।গতকাল রোববার দিবাগত রাত আড়াইটার দিকে সোনারগাঁ উপজেলার কাঁচপুরে অনুষ্ঠিত এক নির্বাচনী সমাবেশে এসব কথা বলেন তিনি। সমাবেশে তারেক রহমান বলেন, নারায়ণগঞ্জ দীর্ঘদিন ধরে দুর্নীতির এক ভয়াবহ বাস্তবতার মধ্য দিয়ে গেছে।
কারা এই দুর্নীতির সঙ্গে জড়িত ছিল এবং কীভাবে তা পরিচালিত হয়েছে সে বিষয়গুলো জনগণের অজানা নয়।তিনি আরও বলেন, নারায়ণগঞ্জ শহরে অন্তত ২০টি নির্দিষ্ট স্থানে প্রকাশ্যে মাদক ব্যবসা পরিচালিত হচ্ছে। এসব অবৈধ কর্মকাণ্ড নিয়ন্ত্রণের পাশাপাশি দুর্নীতির বিরুদ্ধেও কার্যকর ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার করেন তিনি। তারেক রহমান জানান, বিএনপি ক্ষমতায় এলে যুবসমাজকে প্রশিক্ষণের আওতায় এনে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলা হবে, যাতে তারা দেশ ও বিদেশে কর্মসংস্থানের সুযোগ পায়।সমাবেশে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ।
এতে আরও উপস্থিত ছিলেন বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও নারায়ণগঞ্জ-২ আসনের ধানের শীষের প্রার্থী নজরুল ইসলাম আজাদ, নারায়ণগঞ্জ-১ আসনের মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, নারায়ণগঞ্জ-৩ আসনের প্রার্থী আজহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জ-৫ আসনের প্রার্থী আবুল কালাম আজাদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীবসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

