জহুরুল হক জনি, লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নে ঘটেছে ভালোবাসা ও আত্মত্যাগের এক ব্যতিক্রমী ঘটনা। আব্দুল হক (৫০) নামে এক ব্যক্তির দুটি কিডনি বিকল হয়ে পড়লে তার স্ত্রী বিজলি বেগম (৪৫) নিজের একটি কিডনি দান করে নজির স্থাপন করেছেন।পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছিলেন আব্দুল হক।
চিকিৎসকেরা কিডনি প্রতিস্থাপনের পরামর্শ দিলে পরিবার পড়েছিল দুশ্চিন্তায়। সেই সময় পাশে দাঁড়ান তার প্রিয়তমা স্ত্রী বিজলি বেগম, যিনি নিজের একটি কিডনি স্বামীর জন্য দিতে রাজি হন।সব ধরনের মেডিকেল পরীক্ষা-নিরীক্ষার পর দেখা যায়, স্ত্রীর কিডনি স্বামীর শরীরের জন্য উপযোগী। এরপর ঢাকায় ২৪ নভেম্বর দুপুরে সফল অস্ত্রোপচার হয়।স্বামী-স্ত্রী দু’জনেই সুস্হ আছেন।এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় প্রশংসার ঝড় বইছে। আত্মীয়-স্বজন ও স্থানীয়রা বলছেন, বিজলি বেগম শুধু একজন স্ত্রী নন, তিনি একজন প্রকৃত জীবনসঙ্গী এবং ভালোবাসার প্রতীক।
এই ঘটনাটি প্রমাণ করে, পৃথিবীতে ভালোবাসা এখনো বেঁচে আছে, ত্যাগের মধ্যেই ভালোবাসার প্রকৃত রূপ খুঁজে পাওয়া যায়।

