নিজস্ব প্রতিনিধি:
রাজধানীর দয়াগঞ্জ মোড়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী ও সাংবাদিককে মারধরের গুরুতর অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী ওই শিক্ষার্থীর নাম মোহাম্মদ জহিরুল ইসলাম। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত এবং একইসঙ্গে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। গত ২১ জানুয়ারি মঙ্গলবার রাত ১০টার দিকে দয়াগঞ্জ মোড়ে এই হামলার ঘটনা ঘটে।
অভিযোগ উঠেছে গেন্ডারিয়া থানা ৪০ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মাহবুব ও তার সহযোগীরা এই হামলার সঙ্গে জড়িত। স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায় দয়াগঞ্জ মোড়ে একটি ঘটনাকে কেন্দ্র করে কথা কাটাকাটির একপর্যায়ে জহিরুল ইসলামের ওপর চড়াও হন অভিযুক্তরা। এসময় তাকে এলোপাতাড়ি মারধর করা হয় বলে অভিযোগ করা হয়েছে।
হামলার ঘটনায় পুলিশ তাৎক্ষণিকভাবে পদক্ষেপ গ্রহণ করেছে। ঘটনাস্থল ও আশপাশের তথ্যের ভিত্তিতে ফারুক নামে একজনকে আটক করেছে পুলিশ। হামলার শিকার সাংবাদিক জহিরুল ইসলাম বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণে রেখেছেন।
হাসপাতাল থেকে ভুক্তভোগী জহিরুল ইসলাম জানিয়েছেন তিনি কিছুটা সুস্থ বোধ করলে এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে থানায় আনুষ্ঠানিক মামলা দায়ের করবেন।
একজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও সংবাদকর্মীর ওপর এমন হামলার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তার সহপাঠী এবং সহকর্মীরা। তারা দ্রুত দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পুলিশ জানিয়েছে বিষয়টি তদন্ত করে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

