মনিরুল ইসলাম লায়ন, ঈশ্বরগঞ্জ প্রতিনিধি :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ এ ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনে বিপুল ভোটে বিজয় অর্জন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে বিএনপির প্রার্থী প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু বিপুল ভোটে জয়লাভ করেন।প্রকাশিত ইউনিয়ন ভিত্তিক ফলাফল অনুযায়ী, ধানের শীষ প্রতীক মোট ৯৮,৫৬৪ ভোট পেয়ে শীর্ষে অবস্থান করে।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাতপাখা প্রতীক পেয়েছে ২৯,৯৬৯ ভোট এবং ছাতা প্রতীক পেয়েছে ৪০,২১১ ভোট। লাঙ্গল প্রতীক অর্জন করেছে ১,৬৭৯ ভোট।ফলাফল ঘোষণার পর ঈশ্বরগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। তারা মিছিল ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে বিজয় উদযাপন করেন।বিজয়ী প্রার্থী লুৎফুল্লাহেল মাজেদ তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, “এ বিজয় ঈশ্বরগঞ্জবাসীর। জনগণ উন্নয়ন ও গণতন্ত্রের পক্ষে রায় দিয়েছেন। আমি সকলের সহযোগিতা নিয়ে এলাকার সার্বিক উন্নয়নে কাজ করতে চাই।
”নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে এবং ভোটার উপস্থিতিও ছিল সন্তোষজনক। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় কোথাও বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।উল্লেখ্য, এবারের নির্বাচনে ঈশ্বরগঞ্জ আসনে একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও শেষ পর্যন্ত ধানের শীষ প্রতীক বিপুল ব্যবধানে বিজয় নিশ্চিত করে।

