মোঃ শাহনুর রহমান লিমন, স্টাফ রিপোর্টার, ঢাকাঃ
ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকি, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা ও আরও কয়েকজনকে আসামি করে করা প্লট বরাদ্দ দুর্নীতির মামলার রায় আগামী ১ ডিসেম্বর ঘোষণা করা হবে।এই মামলাকে পরিকল্পিত ও অন্যায্য বলে উল্লেখ করেছেন যুক্তরাজ্যের কয়েকজন বিশিষ্ট আইনজীবী।
তাদের মধ্যে রয়েছেন সাবেক বিচারমন্ত্রী রবার্ট বাকল্যান্ড কেসি, সাবেক অ্যাটর্নি জেনারেল ডমিনিক গ্রিভি, চেরি ব্লেয়ার কেসি, ফিলিপ সেন্ড কেসি ও জিওফ্রে রবার্টসন কেসি। তারা এ বিষয়ে বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত আবিদা ইসলামের কাছে একটি চিঠি পাঠিয়েছেন।
আইনজীবীরা অভিযোগ করেন, টিউলিপ সিদ্দিকিকে মামলার অভিযোগ সম্পর্কে যথাযথভাবে জানানো হয়নি এবং তিনি আইনি সহায়তা পাওয়ার সুযোগও পাননি। এমনকি তার নিযুক্ত আইনজীবীকে গৃহবন্দি করা হয়েছে এবং আইনজীবীর মেয়েকেও হুমকির মুখে পড়তে হয়েছে বলে উল্লেখ করেন তারা।গত জানুয়ারিতে দুর্নীতির অভিযোগ প্রকাশের পর টিউলিপ সিটি মিনিস্টারের পদ থেকে সরে দাঁড়াতে বাধ্য হন। হ্যাম্পস্টেড অ্যান্ড হাইগেটের এমপি টিউলিপ সিদ্দিকি শেখ হাসিনার ভাগনি।
এর আগে মানবতাবিরোধী অপরাধ মামলায় অভিযুক্ত হয়ে গত সপ্তাহে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।গত বছরের আগস্টে শেখ হাসিনার পতনের পর টিউলিপ, তার মা, ভাই, বোনসহ বেশ কয়েকজনের বিরুদ্ধে প্লট বরাদ্দ সংক্রান্ত এই মামলাটি দায়ের করা হয়। অভিযোগ রয়েছে, তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রভাবিত করে নিজের মায়ের জন্য পূর্বাচলে একটি সরকারি প্লট বরাদ্দ নিয়েছিলেন।
তবে টিউলিপ এসব অভিযোগ অস্বীকার করেছেন।আইনজীবীরা মনে করেন, টিউলিপ যুক্তরাজ্যের নাগরিক ও নির্বাচিত এমপি হওয়ায় তিনি কোনোভাবেই পলাতক নন। তবে গুরুতর অভিযোগ প্রমাণিত হলে বাংলাদেশ তার প্রত্যর্পণ চাইতে পারে।দুর্নীতির অভিযোগ প্রকাশ্যে আসার পর যুক্তরাজ্যে ব্যাপক সমালোচনার মুখে পড়েন টিউলিপ সিদ্দিকি। পরে তিনি মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেন—তার দাবি, বিষয়টি সরকারের কাজে মনোযোগ ব্যাহত করছিল।

