মোঃ শাহনুর রহমান লিমন, স্টাফ রিপোর্টার, ঢাকাঃ
আওয়ামী লীগ সরকারের শাসনামলে সংঘটিত শতাধিক গুম ও হত্যাকাণ্ডের অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) গঠন করা হবে কি না সে বিষয়ে আজ আদেশ জানাবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।বুধবার (১৪ জানুয়ারি) ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক বেঞ্চ এ আদেশ ঘোষণা করবেন। এর আগে গত ৮ জানুয়ারি রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের শুনানি শেষে আদেশের জন্য আজকের দিন ধার্য করা হয়।শুনানিতে জিয়াউল আহসানের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী মুনসুরুল হক চৌধুরী ও আইনজীবী নাজনীন নাহার তিনটি অভিযোগের বিরোধিতা করেন।
তারা দাবি করেন, প্রসিকিউশনের উপস্থাপিত তথ্য-উপাত্তে অভিযোগিত ঘটনাগুলোর সঙ্গে জিয়াউল আহসানের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায় না। এ কারণে তাকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়ার আবেদন জানানো হয়। আসামিপক্ষের বক্তব্যের জবাবে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম পাল্টা যুক্তি তুলে ধরেন। তিনি মামলার তদন্ত কর্মকর্তার কাছে দেওয়া দুই সাক্ষীর জবানবন্দির গুরুত্বপূর্ণ অংশ ট্রাইব্যুনালের সামনে উপস্থাপন করেন।এর আগে গত ৪ জানুয়ারি আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে প্রসিকিউশনের শুনানি শেষ হয়। ওই শুনানিতে চিফ প্রসিকিউটর অভিযোগিত ঘটনাগুলোর বিস্তারিত বিবরণ তুলে ধরে তথ্যপ্রমাণের ভিত্তিতে জিয়াউল আহসানের বিরুদ্ধে ফরমাল চার্জ গঠনের আবেদন জানান।মামলায় তার বিরুদ্ধে তিনটি নির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে। প্রথম অভিযোগে বলা হয়, ২০১১ সালের ১১ জুলাই রাতে গাজীপুর সদর থানার পুবাইল এলাকায় সড়কের পাশে জিয়াউল আহসানের সরাসরি উপস্থিতিতে সজলসহ তিনজনকে হত্যা করা হয়।
দ্বিতীয় অভিযোগ অনুযায়ী, ২০১০ থেকে ২০১৩ সালের মধ্যে বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের বলেশ্বর নদীর মোহনায় নজরুল ও মল্লিকসহ অন্তত ৫০ জনকে হত্যা করা হয়।তৃতীয় অভিযোগে বলা হয়েছে, একই সময়কালে বরগুনার বলেশ্বর নদী ও বাগেরহাটের শরণখোলাসহ সুন্দরবনের বিভিন্ন এলাকায় তথাকথিত বনদস্যু দমন অভিযানের আড়ালে মাসুদসহ আরও অন্তত ৫০ জনকে হত্যা করা হয়।এই অভিযোগগুলোর ভিত্তিতে গত ২৩ ডিসেম্বর ট্রাইব্যুনাল-১ জিয়াউল আহসানকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে ১৭ ডিসেম্বর তার বিরুদ্ধে আনা তিনটি অভিযোগ আমলে নেওয়া হয় এবং একই দিন প্রসিকিউশন আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করে।

