হাবিবুর রহমান সুমন ,মাদারীপুর জেলা প্রতিনিধি :
রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সারাদেশে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার জুমার নামাজের পর দেশের সব মসজিদে বিএনপির পক্ষ থেকে এ দোয়ার আয়োজন করা হয়। একই সঙ্গে মন্দির, গির্জা, প্যাগোডাসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে তাঁর সুস্থতা কামনায় প্রার্থনার আহ্বান জানানো হয়।
ঢাকার নয়াপল্টনের মসজিদে আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতারা। সেখানে মির্জা ফখরুল জানান, কাতারের পাঠানো এয়ার অ্যাম্বুল্যান্স বাংলাদেশে পৌঁছালে রোববার খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার প্রস্তুতি চলছে।
তবে তিনি ফ্লাই করতে পারবেন কি না—সেটি সম্পূর্ণ চিকিৎসকদের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।মির্জা ফখরুল আরও বলেন, “বেগম জিয়া গণতন্ত্রের জন্য জীবন উৎসর্গ করেছেন। কারাগার থেকেই তার অসুস্থতার শুরু, চিকিৎসার অভাবে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন।” এ সময় তিনি খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন।

