কমলগঞ্জ উপজেলা প্রতিনিধি:
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীর ওপর হত্যাচেষ্টার প্রতিবাদে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। শনিবার বিকেলে কমলগঞ্জ উপজেলার ভানুগাছ বাজার এলাকায় এই বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।বিক্ষোভ মিছিলটি ভানুগাছ বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একটি সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে গিয়ে শেষ হয়। কর্মসূচিতে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। মিছিল ও সমাবেশে হত্যাচেষ্টার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার ৪ আসনের ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী। তিনি বলেন, ওসমান হাদীর ওপর হত্যাচেষ্টা দেশের গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত।
এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে।তিনি আরও বলেন, রাজনৈতিক ভিন্নমত দমন করতে হামলা ও সহিংসতার পথ বেছে নেওয়া হয়েছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি।সমাবেশে বক্তারা বলেন, ওসমান হাদীর ওপর হত্যাচেষ্টা একটি পরিকল্পিত রাজনৈতিক হামলা। এই ঘটনার মাধ্যমে বিরোধী কণ্ঠ রোধ করার অপচেষ্টা চালানো হচ্ছে। বক্তারা দেশব্যাপী প্রতিবাদ আন্দোলন জোরদার করার ঘোষণাও দেন।কর্মসূচি শেষে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেষ হয়।

