সর্বশেষ
ফেব্রুয়ারি ২১, ২০২৬

ওসমান হাদির পর এবার টার্গেট মৌলভীবাজারের বিপ্লবীরা? মৌলভীবাজারে হিটলিস্টে সাংবাদিক ও যুবনেতা

Spread the love

নিজস্ব প্রতিবেদক:

মৌলভীবাজার জেলায় ২০২৪ সালের জুলাই বিপ্লবের সম্মুখসারির যোদ্ধাদের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হয়েছে। ‘নো ক্যাপশন’ নামের একটি সন্দেহভাজন ফেসবুক আইডি থেকে এই হুমকি দেওয়া হয়। এ ঘটনায় জেলাজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং হুমকির শিকার ব্যক্তিরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।


​হুমকির শিকার ব্যক্তিদের তালিকায় রয়েছেন মৌলভীবাজার জেলা খেলাফত যুব মজলিসের প্রশিক্ষণ সম্পাদক ও শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি মো. মুজাহিদুল ইসলাম এবং দৈনিক খোলা কাগজের মৌলভীবাজার প্রতিনিধি ও শ্রীমঙ্গল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সাংবাদিক মো. এহসানুল হক।

এছাড়াও নিলয়, নাঈম হাসান এবং হায়দারসহ আরও বেশ কয়েকজন জুলাই বিপ্লবীর নাম এই হিটলিস্টে রয়েছে বলে জানা গেছে।


​ভুক্তভোগীরা জানিয়েছেন, ২০২৪ সালের স্বৈরাচার ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে তারা মৌলভীবাজারে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে ফ্যাসিবাদের দোসররা আবারও সক্রিয় হয়ে উঠছে বলে তাদের ধারণা।

গত ১২ ডিসেম্বর ঢাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীকে প্রকাশ্যে গুলি করার পর থেকেই সারাদেশে জুলাই বিপ্লবের যোদ্ধাদের ওপর এক ধরণের মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করা হচ্ছে।

এরই ধারাবাহিকতায় মৌলভীবাজারে বিপ্লবীদের টার্গেট করে এই হুমকি দেওয়া হলো।
​সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুক্তভোগীরা বিষয়টি নিশ্চিত করেছেন। তারা জানান, একটি নির্দিষ্ট ফেসবুক আইডি থেকে তাদের ছবি ও নাম উল্লেখ করে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। বিষয়টি নিয়ে তারা বেশ ভীতসন্ত্রস্ত অবস্থায় আছেন এবং নিজেদের ও পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কিত।


​উল্লেখ্য, বর্তমানে দেশে একটি রাজনৈতিক ক্রান্তিকাল চলছে। এর মধ্যে জুলাই আন্দোলনের সক্রিয় কর্মীদের ওপর এমন হুমকি পরিস্থিতিকে আরও ঘোলাটে করতে পারে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল। ভুক্তভোগীরা এ বিষয়ে জেলা পুলিশের কাছে নিরাপত্তার দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *