মোঃ ইমরান হোসাইন বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ উপলক্ষে ১০ দলীয় নির্বাচনী ঐক্যের মনোনীত প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদের পক্ষে পটুয়াখালীর বাউফল উপজেলায় এক বিশাল নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার দুপুর ২টায় বাউফল পাবলিক মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।নির্বাচনী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী (রহ.)-এর সুযোগ্য পুত্র শামীম সাঈদী।সমাবেশে সভাপতিত্ব করেন বাউফল উপজেলা জামায়াতে ইসলামীর থানা আমীর মাওলানা মো. ইসহাক।প্রধান অতিথির বক্তব্যে আল্লামা মামুনুল হক বলেন,“১০ দলীয় ঐক্য কোনো একক নেতার নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য নয়, কোনো একটি দলের স্বার্থ রক্ষার জন্যও নয়।
এই ঐক্য গঠিত হয়েছে বাংলার মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য। ১০ দল নিজেদের দলের ভবিষ্যৎ নয়, বরং দেশের মানুষের ভবিষ্যৎ গড়তে নির্বাচনে অংশ নিয়েছে।”সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে ১০ দলীয় ঐক্যের মনোনীত প্রার্থী ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন,“আমি স্পষ্ট ঘোষণা দিচ্ছি—এমপি হলে আমি কোনো সরকারি সুবিধা নেব না। প্লট নেব না, ট্যাক্স ফ্রি গাড়িও নেব না। আমার প্রাপ্য সরকারি সুযোগ-সুবিধা বাউফলবাসীর কল্যাণেই ব্যয় করবো।”তিনি আরও বলেন,“৬০ দিনের মধ্যে বাউফলকে মাদকমুক্ত করা হবে এবং ৯০ দিনের মধ্যে দুর্নীতির কবর রচনা করা হবে ইনশাআল্লাহ।
”ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, বাউফলের প্রধান সড়ক প্রয়োজনে দুই লেন বা চার লেনে উন্নীত করে যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন করা হবে।তিনি বলেন, ‘চরের জমি যার, ফসল তার’—এই ন্যায়ের লড়াই অব্যাহত থাকবে। ক্ষমতায় যাই বা না যাই, বাউফলের নাগরিক হিসেবে বগা সেতু বাস্তবায়ন করেই ছাড়বো।’প্রধান বক্তার বক্তব্যে হাসনাত আব্দুল্লাহ বলেন,“বাউফলবাসী সৌভাগ্যবান। তারা ইতিহাসের সর্বশ্রেষ্ঠ সংসদ সদস্য পেতে যাচ্ছে।
ড. শফিকুল ইসলাম মাসুদ শুধু বাউফলের সম্পদ নন, তিনি সারা বাংলাদেশের সম্পদ। তিনি আধিপত্যবাদের বিরুদ্ধে এক সাহসী লড়াকু সৈনিক, শহীদ হাদী ভাইয়ের যোগ্য উত্তরসূরি।”তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন,“কোনো চাঁদাবাজ বা টেন্ডারবাজের কাছে ভোটকেন্দ্র ছেড়ে দেবেন না। যারা ভয় দেখায়, তারা নিজেরাই ভয় পেয়ে গেছে। আপনারা সকাল সকাল ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করবেন।
”এছাড়াও সমাবেশে বক্তব্য রাখেন খেলাফত মজলিসের পটুয়াখালী জেলা শাখার সহ-সভাপতি মাওলানা আইয়ুব বিন মুছা, পটুয়াখালী-১ আসনে ১০ দলের মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার, এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ও সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল মুজাহিদুল ইসলাম শাহিন এবং বাংলাদেশ পুলিশের সাবেক ডিআইজি মো. আনোয়ার হোসেন।
সমাবেশে ১০ দলীয় জোটের থানা ও জেলা পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।এ সময় কারাগারে নির্যাতনের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন ড. শফিকুল ইসলাম মাসুদ।

