ডেক্স রিপোর্ট,newsbd24live:
সাংবাদিক ও অনলাইন অ্যাক্টিভিস্ট ইলিয়াস হোসেনের ভেরিফায়েড ফেসবুক পেজ সরিয়ে নিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা। শুক্রবার রাত থেকে প্রায় ২২ লাখ অনুসারীর ওই পেজটি আর ফেসবুকে খুঁজে পাওয়া যাচ্ছে না।ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির মৃত্যুর পর দেশের বিভিন্ন স্থানে সহিংসতা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এই সময় রাজধানীসহ বিভিন্ন এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়।
প্রথম আলো ও ডেইলি স্টারের মতো শীর্ষ জাতীয় দৈনিক, পাশাপাশি ছায়ানট ও উদীচীর মতো সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনাও আলোচনায় আসে।এই ঘটনার প্রেক্ষাপটে বৃহস্পতিবার রাতে ইলিয়াস হোসেন তার ভেরিফায়েড ফেসবুক পেজে একাধিক পোস্ট দেন। অভিযোগ রয়েছে, ওই পোস্টগুলোতে সহিংসতা উসকে দেওয়ার মতো বক্তব্য ও উত্তেজনাকর ভাষা ব্যবহার করা হয়েছিল।
এর পরদিন রাত থেকেই তার ফেসবুক পেজটি অদৃশ্য হয়ে যায়।এ বিষয়ে মেটার পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি। তবে ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ড অনুযায়ী সহিংসতা উসকে দেওয়া, ঘৃণামূলক বক্তব্য প্রচার কিংবা জননিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ কনটেন্ট প্রকাশের ক্ষেত্রে কঠোর ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে।ফেসবুক পেজটি সরিয়ে নেওয়ার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। একাংশ মনে করছেন, এটি মেটার নিয়মিত নীতিগত পদক্ষেপ।
অন্যদিকে আরেক অংশ দাবি করছেন, রাজনৈতিক মত প্রকাশের স্বাধীনতা সংকুচিত করার একটি উদাহরণ হিসেবেও বিষয়টি দেখা যেতে পারে।বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে রাজনৈতিক সহিংসতা ও সংবেদনশীল ইস্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বক্তব্য আন্তর্জাতিক প্ল্যাটফর্মগুলোর কঠোর নজরদারির মধ্যে রয়েছে। ফলে যেকোনো উসকানিমূলক বা উত্তেজনাকর কনটেন্টের ক্ষেত্রে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।এই ঘটনায় ইলিয়াস হোসেনের পক্ষ থেকেও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
তবে তার পেজ সরিয়ে নেওয়ার বিষয়টি দেশের রাজনৈতিক ও মিডিয়া অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

