সর্বশেষ
ফেব্রুয়ারি ২১, ২০২৬

আফ্রিকার আকাশে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৫

Spread the love

ডেস্ক রিপোর্ট, newsbd24live:


​আফ্রিকার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট কিলিমাঞ্জারোতে একটি উদ্ধারকারী হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ভয়াবহ প্রাণহানির ঘটনা ঘটেছে। তানজানিয়ার সিভিল এভিয়েশন অথরিটির বরাতে জানা গেছে এই মর্মান্তিক দুর্ঘটনায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন।

স্থানীয় সময় বুধবার পর্বতটির বারাফু ক্যাম্পের সন্নিকটে এই দুর্ঘটনাটি ঘটে। বৃহস্পতিবার কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।
​স্থানীয় গণমাধ্যম ও পুলিশের বরাত দিয়ে জানা যায় দুর্ঘটনাকবলিত হেলিকপ্টারটি মূলত একটি মেডিকেল রেসকিউ বা জরুরি উদ্ধার অভিযানে নিয়োজিত ছিল। পর্বতারোহীদের উদ্ধার বা চিকিৎসা সহায়তা দেয়ার উদ্দেশ্যেই সেটি উড্ডয়ন করেছিল। কিন্তু দুর্ভাগ্যবশত গন্তব্যে পৌঁছানোর আগেই প্রায় ৪ হাজার ৬৭০ থেকে ৪ হাজার ৭০০ মিটার উচ্চতায় এটি বিধ্বস্ত হয়।

কিলিমাঞ্জারো অঞ্চলের পুলিশ প্রধান সাইমন মাইগওয়া স্থানীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন নিহতদের মধ্যে রয়েছেন হেলিকপ্টারের পাইলট একজন চিকিৎসক একজন গাইড এবং দুইজন বিদেশি পর্যটক। তবে নিহত পর্যটকরা কোন দেশের নাগরিক সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।


​তানজানিয়ার মাউন্ট কিলিমাঞ্জারো সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৬ হাজার মিটার বা ২০ হাজার ফুট উঁচুতে অবস্থিত যা আফ্রিকার সর্বোচ্চ পর্বত হিসেবে পরিচিত। প্রতি বছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৫০ হাজার রোমাঞ্চপিপাসু পর্যটক ও পর্বতারোহী এই পর্বত জয়ে আসেন। দুর্গম এই পথে প্রায়ই পর্যটকরা অসুস্থ হয়ে পড়েন এবং তাদের উদ্ধারে হেলিকপ্টার ব্যবহার করা হয়।

তবে উদ্ধার অভিযানে গিয়ে খোদ হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনা পর্যটন বিশ্বে গভীর শোকের ছায়া ফেলেছে। তানজানিয়া সিভিল এভিয়েশন অথরিটি দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে।
​সূত্র: রয়টার্স ও সিএনএন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *